ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুরন্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেল সিলেট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ৬ জানুয়ারি ২০২৫
দুরন্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেল সিলেট
রনি তালুকদার

ওপেনার রনি তালুকদার ও টপ অর্ডারে নেমে জাকিরা হাসানের ফিফটিতে বড় স্কোরের ভিত্তি পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ দিকে অ্যারন জোন্স ও জাকের আলী অনিকের ঝড়ো ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পেয়েছে সিলেট।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের উদ্বোধনী ম্যাচে টসে জেতা রংপুর আগে ফিল্ডিং বেছে নেয়। ব্যাটিংয়ে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকে সিলেট। ঘরের মাঠে চার-ছক্কায় ব্যাটারদের বিনোদন দিতে থাকে। মাত্র পাঁচ ওভারেই দলের রান ৪৭-এ পৌঁছে দেন সিলেটের দুই ওপেনার জর্জ মুন্সে এবং রনি তালুকদার। 

পঞ্চম ওভারের শেষ বলে আকিফ জাভেদের স্লোয়ার বুঝতে পারেননি মানজি। স্কটল্যান্ডের এই ওপেনার ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন, যা লুফে নেন আজিজুল হাকিম তামিম। ওপেনিং জুটিতে আসে ৪৭ রান। পাওয়ার প্লেতে সিলেট তোলে এক উইকেটে ৫৫ রান।

Advertisement

দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন রনি। ৩০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ওপেনার। শেখ মেহেদীর বলে লেগ বিফোর উইকেটের শিকার হন। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেন রনি। ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। 

তারপর জাকির হাসানের সঙ্গে তাল দিয়ে ব্যাট চালাতে থাকেন পল স্টার্লিং। যদিও সেভাবে সুবিধা করতে পারেননি তিনি। মোহাম্মদ সাইফউদ্দিনের ফুল লেংথের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন এই আইরিশ ব্যাটার। তার ব্যাটে এসেছে ১৬ বলে ১৬ রান। ব্যক্তিগত ১১ রানে থাকা অবস্থায় রান আউট থেকে বাঁচলেও ইনিংস লম্বা করতে পারেননি। ১২৪ রানে তৃতীয় উইকেট হারায় সিলেট।

স্টার্লিং বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন জাকির। তার সঙ্গে হাত খুলে খেলতে থাকেন দলটির আমেরিকান ক্রিকেটার অ্যারন জোন্স। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পান জাকির। ৪টি ছক্কায় হাফ সেঞ্চুরি হাঁকানো জাকির ৩৮ বলে ৫০ রান করে সাইফউদ্দিনের ডেলিভারিতে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরে যান।

জাকির ফিরলেও জাকের আলী অনিকের ৫ বলে তিনটি ছক্কায় ২০ রানের ক্যামিওতে দুইশ রান পার করে সিলেট। সঙ্গে ১৯ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন জোন্স। রংপুরের হয়ে ৩১ রান খরচায় দুই উইকেট নেন সাইফউদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!