ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

কিংবদন্তি ক্রিকেটার ইমরান ও মাশরাফির জন্মদিন পালন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১২, ৬ অক্টোবর ২০২৬
কিংবদন্তি ক্রিকেটার ইমরান ও মাশরাফির জন্মদিন পালন
ছবি: সংগৃহীত

৫ অক্টোবর জন্মগ্রহণ করেন দুদেশের দুই কিংবদন্তি ক্রিকেটার; মাশরাফি বিন মুর্তজা এবং ইমরান খান। একই দিনে জন্মদিন হওয়ার পাশাপাশি, আরও কিছু বিষয়েও মিল পাওয়া যায় বাংলাদেশ ও পাকিস্তানের সাবেক এই দুই কিংবদন্তি ক্রিকেটারের।

যেমন দুজনই নিজ দেশের অন্যতম জনপ্রিয় অধিনায়ক। দুইজনই অধিনায়ক হিসেবে বিশ্বকাপে নিজ নিজ দেশের সর্বোচ্চ সাফল্য এনে দিয়েছেন। দুজনই দেশের প্রতিনিধিত্ব করেছেন ভয়াবহ চোট নিয়ে। দুজনই পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। শুধু তাই নয়? রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান বর্তমানে জেলে। অন্যদিকে ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর থেকে আড়ালে রয়েছেন মাশরাফি।

১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্ম মাশরাফির। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল তার ঝোঁক। ক্রিকেটে মনোযোগ দেওয়ার পর পেস বোলিংয়ে নিজের প্রতিভার জানান দেন দ্রুতই। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলেছেন এই ডানহাতি পেসার।

তবে মাশরাফির সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ওয়ানডে ক্রিকেটে। খেলোয়াড় হিসেবে যেমন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তেমনি অধিনায়ক হিসেবেও বাংলাদেশকে দিয়েছেন একাধিক স্মরণীয় মুহূর্ত। তার নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ।

সেই বছর দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়েও মাশরাফির নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য। তার সময়েই বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে শুরু করে। দলকে ঐক্যবদ্ধ রাখা, সতীর্থদের আত্মবিশ্বাস জোগানো এবং কঠিন পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়।

একাধিকবার গুরুতর ইনজুরিতে পড়লেও হার মানেননি। তবে চোটের প্রভাবেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্যারিয়ার তুলনামূলকভাবে আগেই থেমে যায়। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে মাশরাফির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। নড়াইলের মানুষের কাছে তিনি ‘নড়াইল এক্সপ্রেস’ নামে পরিচিত। ক্রিকেট মাঠের সাফল্যের পাশাপাশি তার লড়াই করার মানসিকতা ও নেতৃত্বগুণই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

মাশরাফির ক্যারিয়ার তাই শুধু রান, উইকেট কিংবা জয়ের পরিসংখ্যানের গল্প নয়; এটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বারবার ফিরে আসার গল্প। বাংলাদেশের ক্রিকেটে নেতৃত্বের যে মানদণ্ড তিনি তৈরি করেছেন, সেটিই তাকে ভক্তদের কাছে আজও বিশেষ করে রেখেছে।

এদিকে, পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৭৪তম জন্মদিন আজ। ২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৮ টেস্ট ও ১৭৫ ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ৩৬২ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন তিন হাজার ৮০৭ রান। ওয়ানডেতে প্রাপ্তি ১৮২ উইকেট ও তিন হাজার ৭০৯ রান।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!