ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
সিট দখল নিয়ে বিরোধ শুরু

পাবিপ্রবিতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৩, ২৪ নভেম্বর ২০২৬
পাবিপ্রবিতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের একটি সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়েছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন পেটে ছুরিকাহত হয়েছেন। এ ছাড়া শুভ ব্রহ্মচারী নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা হলের নিচতলায় ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর অনুসারী নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেন আগে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করতেন। পরে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে স্থানান্তরিত হলে আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন এতে আপত্তি জানান এবং ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর অনুসারী নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদকপন্থী তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হন এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদকপন্থী নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।

এ বিষয়ে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর অনুসারী নেতাকর্মীদের দাবি, গেস্ট রুমে অবস্থানরত সভাপতি গ্রুপের কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র ছিল। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তারা জানালা ভেঙে পালিয়ে যান।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, রুম দখল ও সিট নিয়ে বিরোধের জেরে মারামারি শুরু হয় এবং দুই গ্রুপই সিট নিজেদের বলে দাবি করে। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারামারি ছড়িয়ে পড়ে এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটলে উত্তেজনা আরও বাড়ে।​​​​​​​

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং তারা নিজেদের দোষ ঢাকতে তার গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামান সোমবার গভীর রাতে জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে এবং তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, হলের সিট বণ্টন নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে।

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!