ইসলামি লেখক ফোরামের সেরা ছড়াকার পুরস্কার পেলেন রায়হান
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় সেরা ছড়াকার পুরস্কার পেয়েছেন রায়হান আহমেদ তামীম।
সম্প্রতি রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন লেখক, সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের তিন শতাধিক সদস্য।
সারাদেশ থেকে অংশগ্রহণকারী প্রায় ৩০০ প্রতিযোগীর মধ্য থেকে প্রবন্ধ, গল্প ও ছড়া বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ ২৪ জনকে লক্ষাধিক টাকার বই ও ক্রেস্ট দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে তরুণ ছড়াকার রায়হান আহমেদ তামীম বলেন, কিশোর বয়স থেকেই ছড়া লিখছি। পরিচিত-অপরিচিত মানুষের কাছে বাহবা পেয়েছি। তবে জাতীয় পর্যায়ে সম্মাননা পাওয়ার ব্যাপারটি লেখালেখি জীবনে অসামান্য অনুপ্রেরণা হিসেবে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে।
রায়হান একজন ছড়াকার ও ফিচার লেখক। দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, যুগান্তরসহ দেশের জাতীয় ধারার পত্রিকায় ছড়া লিখেছেন। বর্তমানে দৈনিক যুগান্তর, দৈনিক নয়া শতাব্দী, জাগোনিউজ২৪ ডটকম, ঢাকা মেইলসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত ফিচার লিখছেন। পেশাজীবনে যুক্ত রয়েছেন রাহনুমা প্রকাশনীতে। লেখালেখির পাশাপাশি সাহিত্য সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন সমাজকল্যাণমূলক সংস্থা বিডি আর্তসেবা ফাউন্ডেশনে।