ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

শেষ ভ্রম

দীপু মাহমুদ
প্রকাশিত: ১১:৪৬, ১৩ অক্টোবর ২০২৬
শেষ ভ্রম
এখন আমার ভেতরে পড়ে আছে কিছু পুরোনো দীর্ঘশ্বাস, কিছু নিভে যাওয়া ছাই...

চিরতরে মুছে গেছে
আমার শেষ ভ্রম,
দরিদ্র হৃদয়ের অন্দরঘরে
নিরেট জমাট অন্ধকার। 

আর আমি আশা করি না- 
মরিয়া হয়ে বেঁচে থাকার
শেষ আকাঙ্ক্ষাটুকুও
কখন নিঃশব্দে সরে গেছে,
বুঝতেই পারিনি! 

মন, এবার শান্ত হও-
অনেক তো কাঁদলে,
তোমার দীর্ঘশ্বাসে
এই পৃথিবীর কিছুই বদলাবে না
আকাশের কোনো তারা নিভবে না,
কোনো সকাল থেমে থাকবে না। 

তোমার জীবন এখন
ঠান্ডা হয়ে যাওয়া ছাই,
হাত বাড়ালেই
উড়ে যায় মেঘভরা পেঁজা বিষন্নতা। 

আমার আর রাগ নেই-
নিজের ওপরেও নয়।
শুধু প্রশ্ন করি সেই অদৃশ্য শক্তিকে,
যে আমার অজান্তে
জন্মের দিন থেকেই
আমাকে টেনে এনেছে
আমার নিজেরই শেষের দিকে। 

কত প্রশ্ন ছিল- 
কোনোটার উত্তর নেই।
কত অপেক্ষা-
কোনোটার শেষ নেই।
কত ভালোবাসা-
কোনো প্রতিশ্রুতি নেই। 

শেষ পর্যন্ত জেনে গেলাম,
আমার সমস্ত চাওয়ার চেয়ে
এই মহাবিশ্ব অনেক বড়,
আমার সমস্ত কষ্টের চেয়ে
তার নীরবতা আরও গভীর। 

তবু একদিন
আমি ছিলাম।
ভালোবেসেছিলাম।
আশা করেছিলাম।
তারপর একে একে
সব হারিয়েছি। 

এখন আমার ভেতরে পড়ে আছে
কিছু পুরোনো দীর্ঘশ্বাস,
কিছু নিভে যাওয়া ছাই,
আর এক ভগ্ন হৃদয়-
যে আর কোনো প্রতিশ্রুতি চায় না। 

তাই আজ
শেষবারের মতো
নিজের ভেতরে শান্ত হই। 

শেষ ভ্রমটুকু
চিরতরে মুছে গেছে কবে!

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!