প্রকাশিত হলো ক্র্যাকপ্লাটুনের গেরিলা যুদ্ধের কাহিনী ‘অগ্নিপথের পথিক’
প্রকাশিত হলো সুরের জাদুকর ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আলতাফ মাহমুদের ও তার সঙ্গী ক্র্যাকপ্লাটুনের বীর মুক্তিযোদ্ধাদের তীব্র গেরিলা যুদ্ধের কাহিনী ‘অগ্নিপথের পথিক’। এ উপন্যাসের রচয়িতা অমিত গোস্বামী, প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স।
মঙ্গলবার সন্ধ্যায় পাঞ্জেরী পাবলিকেশন্সের পক্ষ থেকে শহিদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ ও কন্যা শাওন মাহমুদের হাতে বইয়ের কপি তুলে দিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন নিলয় নন্দী ও সাহিত্যিক সঙ্গীতা ঈমাম।
পাকিস্তানের তৎকালীন পত্রিকা সাপ্তাহিক চিত্রালীর এক সংখ্যায় ছাপানো হয়েছিল, ‘ভাসানী-মুজিব-আলতাফ’ এই তিন নাম পূর্ব বাংলার তিন প্রত্যয়, তিন শক্তি। সেই সময়ের সামাজিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় এ কথা অস্বীকার করার উপায় নেই। আলতাফ মাহমুদের নাম তখন ঘরে ঘরে উচ্চারিত হতো।
বরিশালের প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে আসা ঝিলু নামক ছেলেটা ক্রমান্বয়ে হয়ে উঠলেন সুরের জাদুকর আলতাফ মাহমুদ। তার সুরের মূর্ছনায় একেকটি গান হয়ে উঠতো মরমী, হৃদয়স্পর্শী।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের প্রতিটি পঙক্তি অমরতা পেয়েছে আলতাফ মাহমুদের সুরস্পর্শে। কিন্তু তার সব অবদান কি শুধুই গানের জগৎ ঘিরে?
ঔপন্যাসিক অমিত গোস্বামীর কলমে উঠে এসেছে আলতাফ মাহমুদের জীবনের অপর একটি দিক। মহান স্বাধীনতা সংগ্রামে শহিদ আলতাফ মাহমুদের সম্পৃক্ততার কথা শিল্প-সুষমায় চিত্রায়িত হয়েছে এ উপন্যাসে।
শহিদ আলতাফ মাহমুদ ও তার বেশিরভাগ সঙ্গী নিখোঁজ হয়েছেন এই আগস্টের শেষ দুই দিনে। আগস্ট বাংলাদেশের শোকের মাস, সবদিক দিয়েই। শোকের মাসে এ উপন্যাস প্রকাশ অর্থবহ অবশ্যই। শ্রদ্ধা প্রদর্শর্নের শ্রেষ্ঠ উপায়। আশা করা যায়, এ উপন্যাস সমকালীন প্রজন্মকে ১৯৭১-এর যুদ্ধের স্মৃতি যেমন ফিরিয়ে দেবে, তেমনই আগত প্রজন্মকে সমৃদ্ধ করবে একাত্তরের চেতনাকে বুকে ধারণ করতে।
উপন্যাস: অগ্নিপথের পথিক
লেখক: অমিত গোস্বামী
প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: 180