ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে বিএনপি: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১ সেপ্টেম্বর ২০২৬
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে বিএনপি: প্রতিমন্ত্রী সোহেল মনজুর
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, মানুষের বাক্‌স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দেশে একদলীয় ‘বাকশাল’ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। এর ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়।

Advertisement

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন। একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি ভান্ডারিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!