সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘বিএনপিকে আমাদের শিখাতে হবে না, আমরা কীভাবে কর্মসূচি করব। তারা বলছে এটা লং মার্চ নয়, রোড মার্চ। আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদেরটা যদি লং ড্রাইভ হয়, তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটাও লং ড্রাইভ। আর তাঁরটা যদি লং মার্চ হয়, তাহলে আমাদেরটাও লং মার্চ।’
.png)
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন, তখন একটি বালুর ট্রাক দিয়েই আপনাদের পুরো লং মার্চ শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা সেই বালুর ট্রাকও সরাতে পারেননি। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদের বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।’
সারজিস আরও বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব। বিএনপি যদি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে আমরা মনে করি, এর ফলাফল কখনো ভালো হবে না।’
এনসিপির নেতাকর্মীদের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে সারজিস আলম বলেন, ‘আমাদের এনসিপির একজন যখন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন এমন ভাষায় সমালোচনা করেছিলেন, যা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। ভাষা ঠিক না হওয়ায় আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিলাম।’
তবে সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাঁকে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়নি।’
তারেক রহমানের বাক্স্বাধীনতা নিয়ে বক্তব্যের সমালোচনা করে সারজিস বলেন, ‘তাহলে তারেক রহমান বাক্স্বাধীনতার কথা বলে এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমরা কি মনে করব, জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের কথা আরেক?’
তিনি আরও বলেন, ‘উপরে উপরে বলবেন সমালোচনা করুন, স্বাধীনতা দিচ্ছি; আর ভেতরে ভেতরে কেউ সমালোচনা করলে তাকে গ্রেপ্তার করাবেন, ক্ষমতার অপব্যবহার করে জেলে রাখবেন, মিথ্যা মামলা দেবেন এটা হতে পারে না।’
সিফাতের বক্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘সিফাত নামের ছেলেটি যে গালি দিয়েছে, সেই গালিকে আমরা সমর্থন করি না। কিন্তু তাঁর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটি মিথ্যা মামলা। এটি সন্ত্রাসবিরোধী আইনের মামলা, যা এক বছর আগের।’
এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্যসচিব মাইনুল আহসান মুন্না সভা সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব শামীম হামিদী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং পিরোজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।