ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

অস্ত্র নয়, জনগণই সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্র নয়, জনগণই সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম
ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অস্ত্রের চেয়ে জনগণের শক্তিই বড়। জনগণের সমর্থন না থাকলে কোনো শক্তিই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল নজরুল অডিটোরিয়াম হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, “বর্তমানে সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, অস্ত্র নয়। ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না, তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি। পাকিস্তানের কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না, তাই তারাও ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনার কাছেও অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না, তাই তিনিও ক্ষমতায় থাকতে পারেননি।”

Advertisement

তিনি বলেন, সংগঠনের জনশক্তি বাড়াতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। নেতা-কর্মীদের জনগণের কাছে গিয়ে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, “গত নির্বাচনে ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছিল, ইসলামের পক্ষে একটি বাক্স। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা কিছু করে, সবকিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে।”

ইসলামের নামে অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিষয়ে তিনি বলেন, “আজ হোক বা কাল দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে, এতে কোনো সন্দেহ নেই।”

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দাওয়াতি কাজ করতে হলে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। যারা দ্বীনের কাজ করবেন, তাদের প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। তার মতে, এভাবেই জনগণের প্রত্যাশা পূরণে শরিয়াভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার পথ তৈরি হবে।

কর্মী সম্মেলন ও নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি এস. এম. মাঈনুদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি এইচ. এম. হুজাইফা, দক্ষিণ জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম রসুলপুরীসহ অন্যরা।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!