ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২, ৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসান। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে তাঁকে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়।

মাহদীর দাবি, তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বিদেশে যেতে দেওয়া হয়নি।

তিনি আরও জানান, বিদেশযাত্রার জন্য পুলিশের পক্ষ থেকে তাঁকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান।

তবে কী কারণে তাঁকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!