ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

জুলাই যোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত: রাশেদ খান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ১৩ অক্টোবর ২০২৬
জুলাই যোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে জামায়াত: রাশেদ খান
ফাইল ছবি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর ঘটনায় জামায়াতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। তাঁর দাবি, এ কর্মকাণ্ডের পেছনে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, আগের দিন তিনি অভিযোগ করেছিলেন, নাম পরিবর্তনকারী উজ্জ্বল ওরফে আয়াসকে দিয়ে জামায়াতের পক্ষে প্রচারমূলক কর্মকাণ্ড চালানো হয়। তাঁর দাবি, এ কাজে জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবিরের ভূমিকা রয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লাগানোর ঘটনাটিও জামায়াত করিয়েছে বলে দাবি করেন রাশেদ খান। তাঁর ভাষ্য, সোমবার চুনকালি লাগানোর পক্ষে বিবৃতি দিয়ে জামায়াত এ ঘটনার দায় স্বীকার করেছে। নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য দলটিকে ধন্যবাদও জানান তিনি।

একই পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান জানার অপেক্ষায় থাকার কথা উল্লেখ করেন রাশেদ খান।

তিনি আরও লেখেন, জামায়াতের কাছে মেজর আক্তারুজ্জামান যেমন একজন জুলাই যোদ্ধা, তেমনি তাঁর ভাষায়, ‘প্রতারক উজ্জ্বলও একজন জুলাই যোদ্ধা’। এভাবে জামায়াত ও ‘মববাজরা’ জুলাই যোদ্ধা শব্দটিকে বিতর্কিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!