ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৫, ২৬ অক্টোবর ২০২৬
স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী
সংগৃহীত ছবি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশের বরেণ্য সাংবাদিকদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, গিয়াস কামাল চৌধুরী, আতাউস সামাদ ও ফয়েজ আহমেদের মতো সাংবাদিকরা সত্যনিষ্ঠা, নীতিবোধ ও আদর্শে অবিচল ছিলেন।

তাঁদের সাহসিকতা ও দৃঢ় অবস্থান স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বৈরশাসক এরশাদের আমলে দেশের মানুষ সংবাদ জানতে বিবিসি ও ভয়েস অব আমেরিকার ওপর নির্ভর করতেন। সে সময় ভয়েস অব আমেরিকার সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ও বিবিসির সাংবাদিক আতাউস সামাদের সংবাদ পরিবেশন মানুষের কাছে বিশেষ গুরুত্ব পেত। তাঁদের কণ্ঠেই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কর্মসূচি সম্পর্কে জানতে পারতেন সাধারণ মানুষ।

তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হতো। গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও গিয়াস কামাল চৌধুরী সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন চালিয়ে গেছেন। নিরাপত্তার কারণে কখনো কখনো তাঁকে সংবাদ পাঠানোর স্থানও গোপন রাখতে হতো।

বিএনপির এই নেতা বলেন, সে সময়ের অনেক সাংবাদিক ছিলেন নীতিবান, দৃঢ়চেতা ও আপসহীন। তাঁদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা হলেও তাঁরা আদর্শ থেকে সরে আসেননি। সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার সেই দৃষ্টান্ত বর্তমান সময়েও অনুসরণীয়।

গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর তাঁর সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার দক্ষতা এবং তরুণদের প্রতি স্নেহশীল আচরণ তাঁকে মুগ্ধ করেছিল।

রিজভী আরও বলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন অভিভাবকসুলভ ব্যক্তিত্বের অধিকারী। তাঁর আদর্শ, পেশাগত নিষ্ঠা ও সাহসিকতা তাঁকে মানুষের কাছে বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।

এ সময় গিয়াস কামাল চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!