এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসীদের নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন।
সোমবার (২৬ অক্টোবর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ উপকমিটি গঠন করা হয়েছে। দলের প্রবাসীবিষয়ক কার্যক্রম গতিশীল ও কার্যকর করা, দলীয় কর্মকাণ্ডের সমন্বয় এবং প্রবাসী কল্যাণমূলক কার্যক্রম সুসংহত করাই এ কমিটি গঠনের লক্ষ্য।
উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।
সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।
এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে।