যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
সম্প্রতি সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাম উঠে আসার পর সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) তাকে বদলি করে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা এস এম কায়ছার আলী বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে বদলি করা হয়েছে বিষয়টি জানাতে পারেন নি তিনি।
এদিকে গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্য পদে এমসিকিউ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে স্থগিত হয়। এই ঘটনার সঙ্গে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদের নাম উঠে আসে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই অনিয়মিত অফিস করতে থাকেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) ১০ দিন পরে অফিসে আসেন হারুন-অর-রশিদ। এরপর মাত্র দুই ঘণ্টা অফিস করেন বলে জানিয়েছেন প্রধান সহকারী কামরুল ইসলাম।
তিনি বলেন, সর্বশেষ গত ১৪ অক্টোবর সর্বশেষ অফিস করেন জেলা খাদ্য কর্মকর্তা হারুন-অর-রশিদ। ১০দিন পর ২৫ অক্টোবর অফিসে আসেন এবং ১১টা পর্যন্ত অফিস করেন। এরপর এলএসডি গোডাউন ট্যুরে যাওয়ার কথা বলে বের হয়ে যান। ১৪ অক্টোবর থেকে তিনি দুদিনের ছুটি নিয়েছিলেন বলেও জানান কামরুল ইসলাম।
এদিকে ব্যক্তিগত ছুটি ও পূজার ছুটির মধ্যেই হারুন-অর-রশিদের আকষ্মিক বদলির আদেশ হয়। তবে কি কারণে তার বদলি হয়েছে সে বিষয়ে অফিসের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
এর আগে, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্য পদে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েক মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করাহয়।
জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোফাজ্জল হোসেন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু কারণ বলেননি।
এ ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় সংঘবদ্ধ চক্রের সাতজনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি) সদস্যরা। এসআরবি ও সিআইডির তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া গেছে বলে সূত্রে জানা গেছে।