ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

লং ড্রাইভ বাদ দিয়ে জঞ্জাল পরিষ্কারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ৩১ অক্টোবর ২০২৬
লং ড্রাইভ বাদ দিয়ে জঞ্জাল পরিষ্কারের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
মিরপুর আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গেনে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ নামে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া বাদ দিয়ে সরকারের সঙ্গে মিলে সারা দেশের জঞ্জাল পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, “১৫শ’ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া বাদ দিন। মানুষকে নিয়ে ময়লা পরিষ্কার করুন, এলাকার জঞ্জাল পরিষ্কার করুন। শুধু এলাকার ময়লা নয়, সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, সরকারি ও বিরোধী দল মিলে চলুন সেই জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি।”

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রসংগনে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ নামে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফটোসেশনের রাজনীতি ও জনসভার পথ ছেড়ে বিরোধী দলকে জনসেবায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, “শুধু দুই-একদিন ভোরবেলা ঝাড়ু হাতে ফটোসেশন করলেই চলবে না; আসুন, দলমত নির্বিশেষে দেশের ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সমস্ত জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি।”

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি দেখতে পাচ্ছি, একটি বিরোধী দল আজও সেই জনসভার রাজনীতিতে পড়ে আছে। তারা আগের মতোই বক্তৃতার রাজনীতি করতে চায়, কিন্তু তাদের বক্তৃতা কেউ শুনতে চায় না। প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করেছেন—যেটি জনসভার রাজনীতি নয়, জনসেবার রাজনীতি।”

এ সময় মিরপুরের ‘মোবাইল ফিভার ক্লিনিক’কে শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ ছোটখাটো হাসপাতালে রূপান্তর করার কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এখানে সাধারণ ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার ‘ডট কর্নার’ এবং মা-শিশুদের পুষ্টি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হয়েছে, যেখান থেকে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/বিএম/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!