ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু

নাটোর
নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ৩১ অক্টোবর ২০২৬
নাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু
নাটোরে ছয় দিনব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন।

‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’-এই প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জাতীয় সংসদের হুইপ বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। নিজেদের সুন্দর করা এবং পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে। আগামীতে তারাই দেশের নেতৃত্বে আসীন হবে।

হুইপ আরো বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্যরা নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরিতে অংশগ্রহণ করছেন। ক্যাম্পুরি আগামী ৪ নভেম্বর শেষ হবে।

ক্যাম্পুরিতে শিশুদের মধ্যে নেতৃত্বে গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরি ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!