ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ২১ অক্টোবর ২০২৬
নাটোরে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা
নাটোরের বড়াইগ্রামে দূর্ঘটনায় চুরমার হওয়া ট্রাকের সামনে উৎসুক জনতার ভীড়।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই চালককে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।

বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এর তদন্ত করবে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে দুর্ঘটনাটি ঘটে। বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলসহ দুর্ঘটনার পর মোট ১২ জনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকের চালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের সুপারভাইজার সোহেল রানা (৩৬) রয়েছেন। দুর্ঘটনার সময় সোহেল রানা বাসটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই মরদেহ হস্তান্তর করা হয়। তবে নিহতদের পরিবারের কেউ বাদী হয়ে মামলা করতে থানায় না আসায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করেছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, হতাহত ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁদের স্বজনদের কেউ মামলা করতে থানায় আসেননি। এ কারণে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তে আসামিদের শনাক্ত করা গেলে এবং তাঁরা জীবিত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মঙ্গলবার রাতে মামলাটি নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!