নাটোরে হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে তাঁকে ধাওয়া করেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার রাতে তিনি মারা যান।