বইমেলায় ছোট সোনা মসজিদ!
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ এর শাসনামলে ছোট সোনা মসজিদ নির্মাণ করা হয়। জানা যায়, ওয়ালি মোহাম্মদ আলি নামে একজন ১৪ শতকে এই মসজিদ নির্মাণ করেন। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা আজকের ছোট সোনা মসজিদ। এবার বইমেলায় ‘ছোটা সোনা মসজিদ’ এর আদালে স্টল নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতর।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্নতত্ত্ব অধিদফতরের এ স্টলটিতে কাঠ, বাঁশ, ককসীট, হার্ডবোর্ড, রঙ দিয়ে ছোট সোনা মসজিদের আদলে তৈরি করা হয়েছে। নিখুঁত ডিজাইন ও রঙয়ের সুচারুভাবে ব্যবহার দেখে মনে হবে ১৪ শতকের কোনো এক মসজিদ দাঁড়িয়ে আছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই স্টলের সামনে কথা হয়। তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, স্টলটি দেখতে বেশ সুন্দর লাগছে। দূর থেকে দেখে মনেই হবে না যে এটি অমর একুশে বইমেলার কোন এক বইয়ের স্টল। যেহেতু আমার বাসা চাঁপাইনবাবগঞ্জে, অনেকবারই যাওয়া হচ্ছে, দূর থেকে দেখলে কেউ মনে করবে না যে এটা সোনা মসজিদের রেপ্লিকা।
.png)
তিনি আরো বলেন, স্টলের বাহিরে কাঠামো অনেকটা ঠিক মনে হলেও ভেতরটা সাধারণ বইয়ের স্টলের মতো। এটি যদি আসলটির আদলে মিল রেখে করতো আরো বেশি নান্দনিক লাগত দেখতে।
মেলায় প্রত্নতত্ত্ব বিষয়ক বই বিক্রিয় বিষয়ে স্টলের দায়িত্বে থাকা প্রত্নতত্ত্ব অধিদফতরের প্রকাশনার প্রুফ রিডার আকবর হোসেন বলেন, আমাদের ৫০ এর অধিক প্রত্নতত্ত্ব বিষয়ক তথ্য গাইড বই, গবেষনাধর্মী বই, ছবি, অ্যালবামসহ নানা ধরেন বইসহ প্রকাশনা রয়েছে। মোটামুটি সাড়া পাচ্ছি। আশা করি, সামনে আরো ভালো সাড়া পাব।
তাদের প্রকাশনায় বইগুলো হলো- সোমপুর-পাহাড়পুর, চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর, ময়নামতি-লালমাই, ইটাখোলা বিহার, পিতৃগৃহ, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর তথ্যচিত্র, খলিফাতাবাদ-বাগেরহাট, নড়াইল জেলার প্রত্নতাত্ত্বিক জরিপ প্রতিবেদন, বৃহত্তর পাবনা জেলার জরিপ প্রতিবেদন, পুঠিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক লালবাগ দুর্গ ও জাদুঘর, মহাস্থান, কক্সবাজার জেলার জরিপ প্রতিবেদন, গোপালগঞ্জ জেলার জরিপ প্রতিবেদন, ঝুড়িঝাড়া ঢিবি: প্রত্নতাত্ত্বিক খনন প্রতিবেদন, মঠের চালা প্রত্নতাত্ত্বিক খনন প্রতিবেদন, সতিষের ডাঙ্গা খনন প্রতিবেদন, বৈরাগীর ভিটা প্রত্নতাত্ত্বিক খনন প্রতিবেদন, লক্ষীণাবতী গৌড়, ১৩টি তাম্রলিপি (copper plat) বিষয়ক ক্যাটালগ, নির্বাচিত ৪০টি পোড়ামাটির নিদর্শন বিষয়ক ক্যাটালগ, প্রত্নতাত্ত্বিক অ্যালবাম: ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, প্রত্নতাত্ত্বিক অ্যালবাম: চট্টগ্রাম ও সিলেট বিভাগ, প্রত্নতাত্ত্বিক অ্যালবাম: রাজশাহী ও রংপুর বিভাগ, প্রত্নতাত্ত্বিক অ্যালবাম: খুলনা ও বরিশাল বিভাগ, প্রত্নতাত্ত্বিক গাইড: ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, টেরাকোটা, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ক্রেস্ট ইত্যাদি।