ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

ছুটির দিনে জমজমাট বইমেলা, অটোগ্রাফ নিতে দীর্ঘ লাইন

বইমেলা প্রতিনিধি 
প্রকাশিত: ২০:২২, ৯ ফেব্রুয়ারি ২০২৪
ছুটির দিনে জমজমাট বইমেলা, অটোগ্রাফ নিতে দীর্ঘ লাইন
বইমেলায় লেখকের অটোগ্রাফ নিতে লাইনে দাঁড়িয়েছেন পাঠক-ভক্তরা। ছবি: ডেইলি বাংলাদেশ

জমে উঠেছে অমর একুশে বইমেলা। শুক্রবার ছুটির দিন হওয়ায় স্টল-প্যাভিলিয়নগুলোতে বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে বই প্রেমীদের দিতে হয়েছে দীর্ঘ লাইন।

শুক্রবার মেলার বেশ কিছু স্টলে ঘুরে এ চিত্র দেখা গেছে। দেখা যায়, স্টলে স্টলে ঘুরে বই দেখছেন পাঠক-দর্শনার্থীরা। প্রিয় লেখকের বই কেনার পর দাঁড়িয়েছেন লাইনে। সেখানে লেখকের অটোগ্রাফ নেয়া শেষে যেন ষোল কলা পূর্ণ।

অন্যপ্রকাশের স্টলে তরুণ লেখক সাদাত হোসেনের বই নেয়ার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে দাঁড়িয়েছেন বাসাবো এলাকার আফসানা। মিনিট ২০ যাওয়ার পর কাঙ্ক্ষিত লেখকের অটোগ্রাফ নেন তিনি। অন্যপ্রকাশের স্টলে অটোগ্রাফ দিচ্ছেন লেখক সাদাত হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

ডেইলি বাংলাদেশকে আফসানা বলেন, এবার মেলাতে আজকেই প্রথম এসেছি। সাদাত ভাইয়ার আগুন ডানার মেয়ে উপন্যাস কিনলাম। সঙ্গে তার অটোগ্রাফও নিয়েছি। আজকে মেলা স্বার্থক মনে হচ্ছে।

এদিকে আহমেদ পাবলিশিং হাউস  স্টল থেকে ডা. সাবরিনা হুসেন মিষ্টির ‘বন্দিনী’ বই কিনেছেন পুরান ঢাকার বাসিন্দা ইমরান। বই নিতেই যেন অনেক যুদ্ধ করতে হয়েছে তাকে। তিনি বলেন, অনেক কষ্ট করে বই কিনতে হয়েছে। বেশ ভিড় স্টলে। ম্যামের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু তা আর হলো না।

কেন তার বই কিনেছেন এমন প্রশ্নের জবাবে ইমরান ডেইলি বাংলাদেশকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বই নিয়ে অনেক ভিডিও দেখেছি। সেই কৌতূহল থেকে।

এদিকে কয়েক কদম যেতে যেতে না যেতে কিংবদন্তির স্টল। সেখানেও বেশ ভিড়। তাপসী দাসের পুচি ফ্যামিলি নামে এক বই বেরিয়েছে, লেখক একজন ফেসবুক তারকা। নওরিন রিনভী নামে বইটির এক ক্রেতা ডেইলি বাংলাদেশকে বলেন, লেখককে ফেসবুকে দেখেছি। তার ভিডিও অনেক ভালো লাগে, সেই ভালো লাগার জায়গা থেকে বই কিনলাম।

তন্দ্রা নামে আরেক পাঠক জানান, বইয়ের লেখক ফেসবুকে বিড়াল রিলেটেড ভিডিও বানান। আজ জানতে পারলাম তার নাম তাপসী দাস। তাছাড়া বই কেনার পাশাপাশি আপু সামনাসামনি দেখার সুযোগ হলো, ভীষণ ভালো লাগছে।

এদিকে যেসব স্টলে বেশি ভিড়, এসব স্টলে আসা লেখকের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলার সুযোগ পাওয়া যায়নি। তবে স্টলের একাধিক বিক্রয়কর্মীদের সঙ্গে ডেইলি বাংলাদেশের কথা হয়। বিক্রয় কর্মীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পরিচিত মুখ তাদের বইয়ে বরাবর সাড়া ফেলে। তবে স্টলে যারা আসেন সবাই যে বই কিনেন, বিষয়টি তেমনও না, এক পলক সচক্ষে দেখতেও অনেক স্টলে আসেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!