তিতুমীর কলেজে ছাত্রমৈত্রীকে হেনস্তার অভিযোগ
বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে শিক্ষা, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে সংগঠনটির নেতা-কর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রমৈত্রী।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়। পরে শামসুন নাহার হল, হাকিম চত্বর ও স্বোপার্জিত স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
.png)
মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান ইমুর সঞ্চালনায় এবং ঢাকা মহানগর শাখার সভাপতি তৈয়ব ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য সালমান শেখ ও তানহা জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সামি আব্দুল্লাহ। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসে সব শিক্ষার্থীর নিরাপদ ও স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
ছাত্রমৈত্রীর দাবি, বিকেলে তিতুমীর কলেজে দেয়াল লিখন ও প্রচারণা চালানোর সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় এক নারী সদস্যকে যৌন হয়রানি ও স্লাটশেমিং করা হয় এবং তাদের লেখা দেয়াল লিখন মুছে দেওয়া হয় বলেও অভিযোগ সংগঠনটির।
সংগঠনটির দাবি, এ ঘটনায় সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সোহাগ প্রামাণিক আহত হন। একই ঘটনায় সংগঠনের সদস্য তানহা জামানকে যৌন হেনস্তা ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।