ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি জিমনেসিয়াম’ উদ্বোধন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি জিমনেসিয়াম’ চালু করা হয়েছে।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের পুরোনো অফিসকক্ষে জিমনেসিয়ামটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান।

‎হল সংসদ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও নিয়মিত শরীরচর্চার সুযোগ তৈরির লক্ষ্যে জিমনেসিয়ামটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য হলের ১০২ ও ১০৩ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সীমিত বাজেটে বিভিন্ন ধরনের শরীরচর্চার সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।

Advertisement

‎জিমনেসিয়ামে প্রাথমিকভাবে রয়েছে-৩০ কেজির তিন সেট ডাম্বেল, ৩০ কেজির এক সেট বারবেল, একটি মাল্টি-ফাংশনাল বডি পুল-আপ বার, দুই সেট পুশ-আপ বার, দুই সেট ডাবল স্প্রিং টামি, দুই সেট হ্যান্ড গ্রিপ, দুই সেট রশি লাফ, দুই সেট পাওয়ার টুইস্টার ও চার সেট ফ্লোর ম্যাট।

‎শহীদ সালাম-বরকত হল সংসদের সহ-সভাপতি মারুফ হোসেন বলেন, ‘২০২৫ সালের হল সংসদ নির্বাচনে আমার ইশতেহারে ব্যায়ামাগার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ছিল। দীর্ঘ প্রচেষ্টায় আজ তা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ব্যায়ামাগার প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’

‎হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম বলেন, হল প্রশাসন ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে জিমনেসিয়ামটি প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চার সুযোগ দিতে এটি চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও সরঞ্জাম সংযোজন করে জিমনেসিয়ামটি পূর্ণাঙ্গ করার পরিকল্পনা রয়েছে।

‎উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও নৈতিক বিকাশে জিমনেসিয়ামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব শিক্ষার্থীর কল্যাণে হল সংসদের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানান তিনি।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন হলের ওয়ার্ডেন এস. এম. এ. মওদুদ আহমেদ, আবাসিক শিক্ষক ইসতিয়াক রায়হান, সহকারী আবাসিক শিক্ষক সিয়াম আহমেদ, হল সংসদের জিএস মো. মাসুদ রানা মিষ্টু, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মো. আবরার আজিম ভূঁঞা তাইফসহ হল সংসদের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও হলের শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ//এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!