ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় রেলের ৪ কর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় রেলের ৪ কর্মী সাময়িক বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন রাবি শিক্ষার্থীরা।

রোববার দিবাগত রাত ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে ভাঙচুর চালান।এর আগে, রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে রেললাইন অবরোধ করে অবস্থান নেন তারা।

Advertisement

মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার রেলকর্মীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।রোববার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে মারধরের ঘটনাটি ঘটে।

আহত আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহত আইয়ুব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হলে মাথায় রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে হাসপাতালে রাখা হয়েছে। অপারেশনের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইয়ুবের মাথায় আঘাত লেগেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রায়হান আলী বলেন, ‘রেল নিরাপত্তাকর্মীসহ তিনজন লোক মিলে তিনজনকে মারধর করছিলেন। তাদের একজনের টি-শার্ট দেখে বুঝতে পারি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

তিনি জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে কোনো ক্যাপশন ছাড়াই ফেসবুকে পোস্ট দেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় সেখান থেকে সরে যান।

আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রেলের কর্মচারীরা তাকে অত্যন্ত নির্মমভাবে মারধর করেছেন। আমি নিউরোসার্জনের সঙ্গে কথা বলেছি। তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।’

এ বিষয়ে জানতে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জিয়াউল আহসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে রাজশাহীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় থেকে দেওয়া আদেশে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার জারি করা আদেশে বলা হয়েছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত চারজন হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দিন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন।

ওই আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রতিদিন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে হাজিরা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ//একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!