ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

‘রিওয়াইন্ড ’৮০’ দিয়ে জাবিতে শুরু ব্যান্ড সোসাইটির পথচলা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২০ সেপ্টেম্বর ২০২৬
‘রিওয়াইন্ড ’৮০’ দিয়ে জাবিতে শুরু ব্যান্ড সোসাইটির পথচলা
জেইউবিএসের আহ্বায়ক আদিত্য ভৌমিক ও সদস্য সচিব নাইমুল হক নব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যান্ড সংগীতচর্চাকে আরও বিস্তৃত ও সংগঠিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি’ (জেইউবিএস)। বাংলার শিকড়ের গান থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ঘরানার সংগীত ব্যান্ডের মাধ্যমে চর্চা, শেখা ও নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে রয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী আদিত্য ভৌমিক। সদস্য সচিব হিসেবে রয়েছেন পাবলিক হেলথ বিভাগের ৫১তম আবর্তনের নাইমুল হক নব।এছাড়াও মুখপাত্রের দায়িত্বে অর্থনীতি বিভগের মীর সোয়াদ জাবের এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈকত কুমার কানু।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ও শিল্পীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, নতুন ব্যান্ড গড়ে ওঠার পরিবেশ তৈরি এবং বাদ্যযন্ত্র ও সংগীতচর্চাকে আরও প্রাণবন্ত করতেই কাজ করবে জেইউবিএস।

সংগঠনটির আয়োজকদের মতে, ক্যাম্পাসে ব্যান্ড সংগীতচর্চা করা শিক্ষার্থীর সংখ্যা অনেক হলেও তাদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই জেইউবিএসের যাত্রা শুরু হয়েছে। যারা ইতোমধ্যে ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত, নতুন করে যুক্ত হতে চায়, কোনো বাদ্যযন্ত্র শিখতে চায় কিংবা নিজেদের দক্ষতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চায় সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্ল্যাটফর্ম।

জেইউবিএসের আহ্বায়ক আদিত্য ভৌমিক বলেন, ‘আমাদের ক্যাম্পাসের সাংস্কৃতিক চর্চা সবসময়ই দারুণ। ব্যান্ড সংগীতচর্চা করে এমন শিক্ষার্থীর সংখ্যাও অনেক। তাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যই আমাদের এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘রিওয়াইন্ড ’৮০’ অনুষ্ঠানের মাধ্যমে আশির দশকের বাংলা ব্যান্ডগুলোকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের জেইউবিএসের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা প্রতি বছর ব্যান্ড সংগীতকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করার চিন্তা করছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ঘরানার সংগীতচর্চা, বাদ্যযন্ত্র শেখানো এবং ব্যান্ড সংগীতের চর্চাকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমরা আশা করছি।’

জেইউবিএসের সদস্য সচিব নাইমুল হক নব বলেন, ‘প্রচলিত আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক রাজধানী। তবে সকল ধারার সংস্কৃতিচর্চার জায়গা নিশ্চিত করাও একটি প্রকৃত সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম বৈশিষ্ট্য বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘ব্যান্ড সংগীতকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পাসে একটি সংগঠন একনিষ্ঠভাবে কাজ করবে এই উদ্দেশ্যে বেশ আগে থেকেই পর্যায়ক্রমে আলোচনা হয়ে আসছিল। অবশেষে আমরা একই প্ল্যাটফর্মে একত্র হতে পেরেছি। আমাদের উদ্দেশ্য শুধু চর্চা নয়, এটিকে ধারণ করে নতুন মোড়কে আমাদের চর্চাকে উপস্থাপন ও ধারণ করা।’

জেইউবিএসের প্রথম আয়োজন হিসেবে গত ১৮ সেপ্টেম্বর ‘রিওয়াইন্ড ’৮০’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশির দশকের যুগান্তকারী বাংলা ব্যান্ডগুলোকে শ্রদ্ধা জানানো ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতে ব্যান্ড সংগীতকে কেন্দ্র করে নিয়মিত বিভিন্ন আয়োজন, সংগীতচর্চা ও বাদ্যযন্ত্র শেখার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। সংগীতের ধরন, ব্যক্তিগত পটভূমি কিংবা অভিজ্ঞতার স্তর নির্বিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চায় জেইউবিএস।

এ ছাড়া আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন আইবিএর ৫২তম আবর্তনের অরুণিমা পাল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম আবর্তনের মইনুল ইসলাম মুনিম এবং ইতিহাস বিভাগের ৫২তম আবর্তনের মোহাম্মদ হাছানুজ্জামান।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!