পাকুন্দিয়ায় মাদক কারবারের অভিযোগে যুবকের কারাদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন ও কারবারের অভিযোগে মো. মাহবুব হাসান বিপুল (৩০) নামের এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।
রবিবার (২০সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।
.png)
এর আগে শনিবার (১৯সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা নামা বাজার এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। দণ্ডপ্রাপ্ত বিপুল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বলেন, বিপুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে তিনি মঠখোলা নামা বাজার এলাকায় মাদক বিক্রি করছেন এমন তথ্য পেয়ে স্থানীয়রা ৪পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় । রবিবার সকালে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে চার মাসের বিনাশ্রম করাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।