ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

তেলের দাম নিয়ে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম নিয়ে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Advertisement

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে, অর্থাৎ সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের প্রথম প্রহরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। নোটিশে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

নোটিশে বলা হয়, চবি শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেখানে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

রোববার রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাজ্জাদ হোসেন হৃদয় সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তিনি লেখেন, "ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।"

একই পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, "যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানি মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি। মার্চ থেকে সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার জনগণের কথা চিন্তা করে দাম কম রাখার ফলে মার্চ টু আগস্ট পর্যন্ত ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়। আশা করি আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আসার মাধ্যমে দেশেও দাম কমে আসবে।"

শোকজ প্রসঙ্গে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, "আমি সংগঠনের কাছে অনুগত। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে আমি কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যা দেব।"

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!