ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কারাগার থেকে হাসপাতালে, বাঁচানো গেল না হাজতিকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৬
কারাগার থেকে হাসপাতালে, বাঁচানো গেল না হাজতিকে
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মোহাম্মদ আজিম উদ্দিন (৩২) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

কারারক্ষী আমিনুল ইসলাম জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর আজিম উদ্দিনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, আজিম উদ্দিন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৭৫৮/২৬। তিনি ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকার আব্দুল আহাদের ছেলে। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারারক্ষী কোনো তথ্য দিতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!