রাজধানীতে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ
ঢাকার মিরপুর ১ ও ১১ নম্বরে প্রায় একই সময়ে যাত্রীবাহী দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর মধ্যে ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার কথা বলেছেন ফায়ার সার্ভিস। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আমরা ধারণা করছি, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। পরবর্তী তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোন হতাহতের কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।
.png)
আরেকটি বাসে আগুন লাগে মিরপুর ১ নম্বর মোড়ে; ‘অভিজাত পরিবহনে’। তবে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেছেন, আগুন দেওয়ার ‘চেষ্টা হয়েছিল’। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকের এ ঘটনার ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। মিরপুর থানার ওসি হাফিজ বলেছেন, কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।
মিরপুরের পাশাপাশি রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসেও আগুনের ঘটনা ঘটেছে। রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুনের ঘটনা ঘটে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো একটি স্টাফ বাসে আগুন লাগে। ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে আছেন। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছেন।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানা ফটকে হাতবোমা বিস্ফোরণের পরদিন ফটকের বিপরীত পাশে আবারও হাতবোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে একাধিক হাতবোমা বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ। তিনি বলেন, কে বা কারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।