অপ্রতিম হত্যার বিচার চেয়ে কুবি শিক্ষার্থীদের মিছিল
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার ও চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মৌন মিছিলটি শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
.png)
মিছিল শেষে শিক্ষার্থী ফারহা খানম বলেন, অপ্রতিমকে হারানোর শোক থেকেই তারা প্রতিবাদে নেমেছেন। একই সঙ্গে চার দফা দাবির অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন তিনি।
শিক্ষার্থী শাহানাজ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডে অভিযুক্তদের বয়স বিবেচনায় শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তের তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তার ভাষ্য, গুরুতর অপরাধে জড়িতদের শুধু বয়সের কারণে শাস্তির আওতার বাইরে রাখার বিষয়টি উদ্বেগজনক।
তিনি আইনি সীমাবদ্ধতা ও অসংগতি দূর করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।
অপর শিক্ষার্থী মাহিন অভিযোগ করেন, আসামিদের বয়সের বিষয়ে পুলিশ প্রশাসন দ্বিচারিতা করছে। তার দাবি, শাস্তি এড়ানোর সুযোগ করে দিতে আসামিদের বয়স গোপন করে সংশোধনাগারে পাঠানো হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফাঁড়ি নির্মাণসহ শিক্ষার্থীদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।