ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

নোবিপ্রবিতে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি
অব্যাহতিপ্রাপ্ত অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর অণুজীববিজ্ঞান বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের সময় সেখানে স্থাপিত ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়।

Advertisement

ঘটনার পর অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সংশ্লিষ্টরা এর জবাবও দিয়েছেন।

ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান। প্রক্টরকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলাকালে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে ১৭ সেপ্টেম্বরের অনুষ্ঠানে জাতীয় সংগীত চলার সময় ব্যাকগ্রাউন্ড ভিডিওর শেষ অংশে শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। বিষয়টি অতিথিদের নজরে এলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন প্রতিবাদ জানান। পরে অডিওর মাধ্যমে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর এবং চাকরি শৃঙ্খলার পরিপন্থী হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেয়।

তবে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক ও অনুষ্ঠানের আয়োজকদের দাবি, অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততার মধ্যে প্রজেক্টরে চালানো ইউটিউব ভিডিওটি আগে পর্যালোচনা করা সম্ভব হয়নি। এ কারণেই অনাকাঙ্ক্ষিতভাবে শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!