হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু
সারাদেশে হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৭০ জন ভর্তি হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে দুজন, সিলেটে একজন, খুলনায় একজন এবং রংপুর বিভাগে দুজন মারা গেছেন।
.png)
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।
একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন আরও ১১৩ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে প্রকাশিত এসব তথ্য থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ার চিত্র উঠে এসেছে।