এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে সরকার
পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।
বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নুরুল হক নূর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এখন সাধারণ শ্রমিকের তুলনায় প্রযুক্তিজ্ঞান ও নির্দিষ্ট পেশাগত দক্ষতাসম্পন্ন কর্মীর চাহিদা বেশি। তাই আন্তর্জাতিক শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
.png)
তিনি বলেন, দেশের মানুষকে দক্ষ করে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র চিহ্নিত করে সেই অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যেতে আগ্রহীদের দক্ষ করে তুলতে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণ নিয়ে অনেকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। আবার কেউ দেশে থেকেই অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হচ্ছেন।
ইলেকট্রিক্যাল, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, মোবাইল ফোন সার্ভিসিং ও কম্পিউটার পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নুরুল হক নূর বলেন, সরকারের ২৩টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী কর্মী তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে।
তিনি বলেন, এসব কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে কেউ বিদেশে গেলে তার দক্ষতার কারণে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ার সুযোগ কমে আসে। আর বিদেশে না গেলেও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশে আয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।
বিশ্বের শ্রমবাজারে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগের মতো গতানুগতিক শ্রমবাজার এখন আর নেই। কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ায় কর্মীদেরও নতুন প্রযুক্তি ও কাজের ধরন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি।
তিনি বলেন, “এখন গতানুগতিক আগের মতো শ্রমবাজার নেই। এখন সব জায়গায় প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এ সম্পর্কে ধারণা না থাকলে তারা সেখানে গিয়ে ভালো কাজ পাবে না, বেতন পাবে না এবং টিকতেও পারবে না।”
সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।
এক কোটি দক্ষ জনশক্তিকে বিদেশে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিজেদের প্রস্তুত করছে বলেও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।