ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

জবির সঙ্গে অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের সমঝোতা স্মারক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জবির সঙ্গে অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের সমঝোতা স্মারক
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও পেশাগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্যের অক্সফোর্ড কলেজ অব এডুকেশন (OCE)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানযোগ্যতা (Employability) বাড়ানো, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি এবং প্রাসঙ্গিক অনলাইন শিক্ষার সুযোগ সম্প্রসারণে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও জসিম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Advertisement

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক অনলাইন কোর্স, ইংরেজি ভাষা শিক্ষা, IELTS প্রস্তুতিমূলক অনলাইন কর্মসূচি এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে অন্যান্য একাডেমিক ও পেশাগত উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনার সুযোগ থাকবে।

পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা উন্নয়নমূলক সুবিধা প্রদানের ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।

সমঝোতার আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা OCE-এর বিভিন্ন শিক্ষামূলক ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করার কথা রয়েছে। কর্মসূচির ধরন অনুযায়ী শিক্ষার্থীরা ইন্টার‌্যাকটিভ ও অংশগ্রহণমূলক শিক্ষার উপকরণ, বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, মূল্যায়ন ব্যবস্থা, অনুশীলনমূলক প্রশ্নপত্র, মক টেস্ট এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

এ ছাড়া OCE-এর কোনো কোর্সের নির্ধারিত শর্তাবলি সফলভাবে পূরণকারী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোর্স সমাপ্তির সনদ বা প্রয়োজনীয় নথিপত্র প্রদানের সুযোগ থাকবে। নির্ধারিত শর্ত ও যোগ্যতার মানদণ্ড পূরণ সাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কোর্সসমূহে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থাও থাকবে।

চুক্তি অনুযায়ী এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক। সংশ্লিষ্ট প্রতিটি কর্মসূচির নির্ধারিত শর্ত, যোগ্যতার মানদণ্ড, অংশগ্রহণকারীর নির্ধারিত ফি এবং অন্যান্য প্রযোজ্য নিয়ম অনুসরণ করে অংশগ্রহণ করতে হবে।

সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য সম্পাদিত হয়েছে। এ সময়ের মধ্যে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে কাজ করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) অধ্যাপক ড. নাছির আহমাদ, ছাত্র হল-১-এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওমর ফারুক, অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. আশরাফ আবেদিল এবং উপদেষ্টা ও বাংলাদেশের প্রতিনিধি ড. আবদুল্লাহ আল ফারুকী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জবি/একেকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!