ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

সমালোচনা হোক কাজের, ব্যক্তিগত বিষয় নিয়ে নয়: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমালোচনা হোক কাজের, ব্যক্তিগত বিষয় নিয়ে নয়: জাবি উপাচার্য
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনের কোনো ভুল-ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রশিক্ষণ কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Advertisement

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নকাজে কোনো ত্রুটি থাকলে সাংবাদিকরা তা তুলে ধরবেন। তবে কোনো বক্তব্যের অংশবিশেষের ওপর ভিত্তি করে নয়, পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করে সংবাদ প্রকাশ করা উচিত। কোনো সমস্যা সংবাদে প্রকাশের আগে প্রশাসনকে তা সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘ভুল ধরিয়ে দিন, সংশোধনের সুযোগও দিন। আমরা যদি সংশোধন না করি, তখন আপনারা সেটা সংবাদে তুলে ধরবেন।’

সমালোচনাকে স্বাগত জানিয়ে অধ্যাপক নূরুল ইসলাম বলেন, ‘আমরা ক্রিটিসিজম ওয়েলকাম করছি। তবে ক্রিটিসিজমটা নুরুল ইসলামের স্বাস্থ্য কেমন, চেহারা কেমন বা কী পরে এটা নিয়ে নয়; ক্রিটিসিজম করতে হবে আমার কাজকে।’

তিনি আরও বলেন, সাংবাদিকদের সমালোচনা যেন গঠনমূলক হয় এবং সমস্যার পাশাপাশি এর সমাধানের পথও তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের কোনো অনিয়ম বা অসঙ্গতি থাকলে সাংবাদিকরা তা চিহ্নিত করবেন এবং প্রশাসনকে সংশোধনের সুযোগ দেবেন। এরপরও ব্যবস্থা নেওয়া না হলে বিষয়টি সংবাদে প্রকাশ করা উচিত।

প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বর্তমানে ছবি, ভিডিও ও বিভিন্ন ধরনের তথ্য তৈরি বা পরিবর্তন করা সম্ভব। ফলে সাংবাদিকদের তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মত ও পথের মানুষ রয়েছেন এবং প্রশাসন সব মতকে সম্মান করে। কোনো অনিয়ম বা অন্যায় হলে তা যেমন প্রকাশ করতে হবে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন অর্জনের বিষয়ও গণমাধ্যমে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষমতাকে প্রশ্ন করার পেশা। তাই সাংবাদিকদের সাহসী, সৎ, নিষ্ঠাবান ও একই সঙ্গে গঠনমূলক হতে হবে।

তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণের মাধ্যমে একজন ভালো সাংবাদিক তৈরি করা সম্ভব নয়; এর জন্য সাংবাদিকের নিজের চেতনা, দায়বোধ, পড়াশোনা ও দায়িত্বশীলতা প্রয়োজন। সাংবাদিকদের সাহসী হওয়ার পাশাপাশি জবাবদিহির বিষয়টিও মনে রাখতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, পিআইবির প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন এবং জাবি প্রেস ক্লাবের সভাপতি এস এম তাওহীদ বক্তব্য রাখেন।

২৫ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন ক্যাম্পাস প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষণের শেষ দিনে ফ্যাক্ট-চেকিংয়ের ধারণা ও গুরুত্ব, তথ্য ও ছবি যাচাই, ভিডিও যাচাই, সাইবার নিরাপত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!