ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ফেসবুক মন্তব্যে পুলিশে সোপর্দ: সেই ছাত্রশক্তি নেতাকে মুক্তি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক মন্তব্যে পুলিশে সোপর্দ: সেই ছাত্রশক্তি নেতাকে মুক্তি
মো. রাব্বি হোসেনকে ছেড়ে দিয়েছে পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে (কমেন্টে) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে আটক জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বহিষ্কৃত নেতা মো. রাব্বি হোসেনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাব্বি হোসেনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে আশুলিয়া থানা-পুলিশ। বিষয়টি আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম (ওসি)।

Advertisement

ওসি তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে কোনো অভিযোগ দেয়নি। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে রাব্বি হোসেনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ কারণে তাঁকে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, সোমবার বিকেলে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাব্বি হোসেনকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মৃন্ময় দাস ফেসবুকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি ফটোকার্ড পোস্ট করেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘শুভ জন্মদিন আপা’ লিখে লাভ চিহ্ন দিয়ে মন্তব্য করেন রাব্বি হোসেন।

পরবর্তীতে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। একপর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তি থেকে প্রাথমিক সদস্যপদসহ তাকে বহিষ্কারও করা হয়।

শিক্ষার্থীদের তোপের মুখে পড়লে নিরাপত্তার স্বার্থে রাব্বি হোসেনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাব্বি হোসেন বলেন, থানায় নেওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে রাত দুইটার দিকে মুচলেকা নিয়ে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, রাব্বি হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তেমন কিছু পায়নি। তার একটি পরীক্ষা রয়েছে এবং বিভাগের শিক্ষকেরাও তার বিষয়ে অনুরোধ করেছিলেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব দিক বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!