আখাউড়ায় ১১ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সুজন ভূইয়া এবং আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুমন মিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে পৌর শহরের দুর্গাপুর রোডের রেললাইনসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১ কেজি গাঁজাসহ সুজন ভূইয়া ও সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।