ডিজিটাল যুগে চিঠির ঐতিহ্য ফেরাতে জাবিতে চিঠি উৎসব
ডিজিটাল যোগাযোগের যুগে তরুণ প্রজন্মের কাছে চিঠি লেখার পুরনো ঐতিহ্য ও আবেগ ফিরিয়ে আনতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো ‘চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী’।
রোববার (১১ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
ডিজিটাল যুগে চিঠির গুরুত্ব তুলে ধরে আয়োজকরা বলেন, “চিঠি উৎসবের অন্যতম লক্ষ্য হলো এই প্রযুক্তির যুগে চিঠি লেখার আবেগ, আন্তরিকতা ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। একসময় ব্যক্তিগত অনুভূতি প্রকাশ, সামাজিক সম্পর্ক রক্ষা এবং রাষ্ট্রীয় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। প্রযুক্তি বদলালেও চিঠির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও সাংস্কৃতিক মূল্য আজও বিশেষ তাৎপর্য বহন করে।”
ডাকটিকিটের ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করে তাঁরা আরও জানান, “ডাকটিকিট কেবল ডাকমাশুল পরিশোধের মাধ্যম নয়; এটি একটি দেশের ইতিহাস, পরিচয়, শিল্পবোধ ও জাতীয় স্মৃতির ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ দলিল। এই প্রদর্শনীর মাধ্যমে তরুণদের মাঝে ফিলাটেলি বা ডাকটিকিট সংগ্রহের চর্চা ও সচেতনতা বৃদ্ধি পাবে।”
ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে আয়োজকরা বলেন, “ডিজিটাল প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে ডাকসেবার আধুনিকায়ন যেমন জরুরি, তেমনি ডাক বিভাগের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠান ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) মো. জাকির হাসান নূর, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ, মেট্রোপলিটন সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মৌসুমী রহমান, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল শরীফ লতীফ এবং ঢাকা জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান।
এছাড়াও ঢাকা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানা, ঢাকা নগরী উত্তর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ আবদুল হামিদ, মেট্রোপলিটন সার্কেলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. মোরশেদ আলম, ডাক অধিদপ্তরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সঞ্জিত চন্দ্র পন্ডিত, আরএমএস-ভি বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. সাহেদুজ্জামান সরকার, কেন্দ্রীয় সার্কেলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কাজী ইসমত জেরীন এবং বৈদেশিক ডাক (ঢাকা)'র ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শাহনাজ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে স্থান পাওয়া বিরল ও ঐতিহাসিক বিভিন্ন ডাকটিকিট দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দর্শনার্থীদের সমাগম ঘটে।