ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সেই মাইক্রোবাসটি এখনো ঢাকাতেই, ধারণা তদন্ত সংশ্লিষ্টদের

পর্বতারোহী রত্নার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ১৫ আগস্ট ২০২০
সেই মাইক্রোবাসটি এখনো ঢাকাতেই, ধারণা তদন্ত সংশ্লিষ্টদের
ফাইল ছবি

পর্বতারোহী রেশমা নাহার রত্নার মৃত্যুর ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও তাকে চাপা দেয়া সেই মাইক্রোবাস কিংবা এর চালকের সন্ধান পায়নি পুলিশ। পাওয়া যায়নি ঘটনাস্থলের কোনো ভিডিও ফুটেজও। তবে কালো রঙের সেই মাইক্রোবাসটি এখনো ঢাকাতেই আছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলের কোনো ফুটেজ না পেয়ে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ঢাকা থেকে বের হওয়ার ৬টি পথের সবগুলোতে নজরদারী অব্যাহত রাখা হয়েছে।

রত্নাকে চাপা দিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাইক্রোবাসটি। কিন্তু দুর্ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রত্যক্ষদর্শী ও আশপাশের এলাকার ফুটেজ দেখে ঘাতক মাইক্রোবাসটিকে শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। 

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য ও অন্যান্য ক্যামেরার ফুটেজ দেখে একটি কালো মাইক্রোবাসকে ঘাতক হিসেবে সন্দেহ করা হয়। টয়োটা হায়েস ব্র্যান্ডের কালো মাইক্রোবাসটি বাম দিকের দরজাটি ছিল সাদা রঙের। তবে কোনোভাবেই গাড়িটির নম্বর প্লেটটি স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। 

পুলিশ জানায়, আব্দুল্লাহপুর, গাবতলী, যাত্রাবাড়ীসহ ঢাকা থেকে বের হওয়ার প্রতিটি পথে জানানো হয়েছে গাড়িটি সম্পর্কে। সেসব সড়কের সিটিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করবে তারা। গাড়িটি এখনো ঢাকাতেই আছে বলে ধারাণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।

শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী এ প্রসঙ্গে ডেইলি বাংলাদেশকে বলেন, মিরপুর থেকে রাজারবাগ পর্যন্ত অনেকগুলো ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। ওইসব ফুটেজ যাচাই-বাছাই করে কালো রঙের একটি গাড়িকে শনাক্ত করেছি। তবে কোনো ভিডিওতেই গাড়িটির নম্বর প্লেটটি স্পষ্টভাবে দেখা যায়নি। গাড়িটির নম্বর শনাক্তের জন্য বিআরটিএ-তে পাঠানো হয়েছে। পাশাপাশি সিআইডির ফরেনসিক টিমকেও দেয়া হয়েছে। এছাড়া ঢাকা থেকে বের হওয়ার সবগুলো চেকপোস্টে গাড়িটির বিষয়ে অবগত করা হয়েছে। শিগগিরই ঘাতক মাইক্রোবাসসহ এর চালকককে আটক করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পর্বতারোহী রেশমা নাহার রত্নার। এ ঘটনায় একটি মামলা হয়েছে শেরে বাংলা নগর থানায়।

ধানমন্ডির আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন রত্না। পর্বতারোহণের পাশাপাশি ম্যারাথন দৌড়েও তিনি অংশ নিতেন। মিরপুর সরকারি স্টাফ কোয়ার্টারে থাকতেন। ইডেন কলেজে লেখাপড়া করা রেশমা ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে পর্বতারোহণের প্রশিক্ষণ নেন। 

কেনিয়া পর্বতের লেনানা চূড়া জয়ের পর ২০১৯ সালের আগস্টে ভারতের লাদাখে ছয় হাজার ১৫৩ মিটার উচ্চতার স্টক কাঙরি পর্বত চূড়া এবং এক সপ্তাহের মধ্যে ছয় হাজার ২৫০ মিটার উচ্চতার কাং ইয়াতসে-২ পর্বত চূড়ায় সামিট করেন তিনি।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!