বুধবার রাজধানীর মিরপুরে এক অভিনব প্রদর্শনী হয়েছে। এর নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী’। আরেকটু সহজভাবে বললে এটি ছিল ঢাকার বাসিন্দাদের ‘খাসলত’ দেখানোর প্রদর্শনী!

.png)
এর আগে মিরপুর- গোদাবাড়ি খাল পরিষ্কার করে ডিএনসিসি। সেখানেই মিলল শতাধিক জাজিম, ২০০ ট্রাক ডাবের খোসা, টিভির খোলস, বালিশ, ভাঙা ফ্রিজ, স্যুটকেস, সোফা, জাজিম, ভাঙা চেয়ার এবং কমোড।
বর্জ্যের প্রদর্শনী করার সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, সব খাল পরিষ্কার করার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা বসে থাকব না। এডিস মশার সময় আমরা পার করেছি। সামনে কিউলেক্স মশার প্রকোপ আসছে। এসব খালের কচুরিপানার নিচে হাজার হাজার মশা থাকে। কাজেই এই খাল কার, পরিষ্কারের দায়িত্ব কার, কেন করলো না- এসব প্রশ্নের অপেক্ষা আমরা আর করব না। এর জন্য কোনো সংস্থা বা অডিট থেকে প্রশ্ন আসলে, এগুলোই আমাদের প্রমাণ। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা এগুলো করে যাব।

মেয়র বলেন, এগুলো করার দায়িত্ব ওয়াসার। তারা করছে, কিন্তু তাদের ধীরগতির কাজে আমার হবে না। খাল দখল উদ্ধারে আমার ৫১০ জন কর্মী কাজ করছে। এদের বেতন আমাদের দিতে হবে। এরপরেও যদি কেউ খাল দখল করে আমি সেখানে জরিমানা করব। যে সংস্থার কর্মীই হোক, আমি ব্যবস্থা নেব। আমি কোনো বিধান বুঝি না। জনগণের ভোগান্তি লাঘব করতে হবে।
আগামী ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজধানীর সব খাল পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে বলেও জানান উত্তরের মেয়র।