রাতেই তীব্র শীতে কাঁপতে পারে ঢাকা
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। তবে রাজধানী ঢাকাতে শীতের প্রকোপ মাঝারি ধরনের। আজ রাতেই ঢাকায় তীব্র শীত নামতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েদার ফোরকাস্ট জানিয়েছে, রোববার ভোরে ঢাকার তাপমাত্রা নেমে আসতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সন্ধ্যা ৬টা থেকেই দ্রুত নামতে শুরু করবে তাপমাত্রা।
.png)
আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী দুই-একদিন এ অবস্থা চলবে। এরপর থেকে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রা।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন, আগামী আরো দুই-একদিন এ রকম ঠাণ্ডা আবহাওয়া থাকবে। এরপর থেকে আবার বাড়তে শুরু করবে। তবে হুট করে তাপমাত্রা কমারও সম্ভাবনা রয়েছে।
শনিবার কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ১০-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নিচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।