কমলাপুরে হোটেলের দরজা ভেঙে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাজধানীর কমলাপুরে একটি আবাসিক হোটেল থেকে তরুণ কান্তি সেন (৫১) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে হোটেল আল ফারুক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বুধবার ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার এসআই মো. সবুজ আলী জানান, হোটেলটির সাত তলার ৭০১ নম্বর রুমটি ভেতর থেকে লক করা ছিল। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্মচারীরা থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে সেখানে যাই। পরে রুমের দরজা ভেঙে খাটের উপর থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, মৃতের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম তরুণ কান্তি সেন। বাবার নাম উমেষ চন্দ্র সেন।
পেশায় ব্যবসায়ী তরুণ কান্তির মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, স্টোক করে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।