ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
এবার ডিএনসিসির ময়লার গাড়িচাপায় গণমাধ্যমকর্মী নিহত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার একদিন ব্যবধানে এবার উত্তর সিটির (ডিএনিসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তার নাম আহসান কবির খান।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হন তিনি।
কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) আবু জাফর মো. মাহফুজুল হক বলেন, বসুন্ধরা মার্কেটের সামনের রাস্তায় একটি ময়লার ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
জানা গেছে, নিহত আহসান কবীর প্রথম আলোর সাবেক কর্মী ছিলেন। তিনি দৈনিকটির পেস্টিং বিভাগে কাজ করতেন। কয়েক বছর আগে তিনি চাকরি ছেড়ে অন্য পত্রিকায় চলে যান।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আহসান কবীরসহ দুই জন ছিলেন। আরেকজন কোথায় পুলিশ বলতে পারছে না।
গতকাল গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান। এ ঘটনায় বুধবার থেকেই রাজধানীজুড়ে বিক্ষোভ চলছে।