বুড়িগঙ্গা আদি চ্যানেলের পুনঃখনন কাজ ফেব্রুয়ারিতে: মেয়র তাপস
আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে বুড়িগঙ্গা আদি চ্যানেলের পুনঃখনন কাজ শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে নগরীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধ সংলগ্ন লোহারপুল এলাকায় আদি বুড়িগঙ্গা নদীপথের (চ্যানেল) ওপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএসসিসি মেয়র তাপস বলেন, কামরাঙ্গীরচরে একটি কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। আর কামরাঙ্গীররচরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা করলে আমাদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কার্যক্রম মাথায় নিয়ে দুটো সেতু আমাদেরকে করতে হবে। যাতে করে মূল ঢাকার সঙ্গে সেটার সংযোগ নিশ্চিত হয়। সেই লক্ষ্যে আমরা কোথায় কোথায় সেতু করব, সেই বিষয়গুলো দেখার জন্য আজ বিশেষজ্ঞ, পরিকল্পনাবিদ ও প্রধান প্রকৌশলীসহ পরিদর্শনে এসেছি।
.png)
তিনি আরো বলেন, আদি বুড়িগঙ্গা নদীর অংশবিশেষ দখলমুক্ত করা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহ থেকেই ঢাকা জেলা প্রশাসনের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করবে। আদি বুড়িগঙ্গার যে অংশ এখনো দখল অবস্থায় আছে, সেগুলো দখলমুক্ত করতে কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
মহাপরিকল্পনার আওতায় কার্যক্রমগুলো নেয়া হচ্ছে জানিয়ে শেখ তাপস বলেন, প্রত্যেকটা বিষয়ে আমরা নজর দিচ্ছি। কামরাঙ্গীরচরে এই যে নদী খনন, সেতু নির্মাণ; তার সঙ্গে আমরা বেড়িবাঁধের সড়কটাকেও ছয় সারিতে রূপান্তরিত করব। দুই সারি দুই সারি, চার সারি থাকবে এক্সপ্রেসওয়ে। আর মূল সড়কের সঙ্গে সংযোগ সৃষ্টির জন্য এক সারি এক সারি থাকবে সার্ভিস রোড। এটা অনেক বড় কর্মযজ্ঞ। ধীরে ধীরে এটা দৃশ্যমান হবে।
এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।