ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালাল বিমানবন্দরে কাঁদা সৌদি প্রবাসীর টাকা ও লাগেজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ২৮ জানুয়ারি ২০২২
শাহজালাল বিমানবন্দরে কাঁদা সৌদি প্রবাসীর টাকা ও লাগেজ উদ্ধার
সৌদি আরব প্রবাসী রাকিব- ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্ট থেকে রাকিব নামের এক সৌদি প্রবাসী সাড়ে সাত লাখ টাকাসহ লাগেজ হারান। সেই ঘটনায় লাগেজ ও টাকা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রাকিব নড়াইলের কালীয়া থানার বাসিন্দা। ১৩ বছর ধরে সৌদি আরবে থাকা রাকিব ভিসা না থাকায় সে দেশের সরকার তাকে বাংলাদেশে পাঠিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় দেশে আসেন রাকিব। বিমানবন্দরে নেমে তিনি দেখতে পান তার সঙ্গে থাকা লাগেজটি নেই। সেটি হারানোর পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন অফিসে যোগাযোগ করেন। এরপর এপিবিএন তার লাগেজটি সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করে উদ্ধার করে।

Advertisement

লাগেজ হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে রাকিব বলেন, বিমানবন্দরের বাইরে থেকে চুরি হলে ভিন্ন কথা ছিল। কিন্তু লাগেজটি বিমানবন্দরের ভেতর থেকে হারিয়ে যায়। চার বছর পর দেশে আসছি। লাগেজের ভেতর ব্যাংকের সাতটি চেক ছিল, তাতে বাংলাদেশি টাকায় সাড়ে সাত লাখ টাকা হয়। টাকা ছাড়াও লাগেজে জামাকাপড় ছিল।

তিনি আরো বলেন, যিনি আমার লাগেজটি নিয়ে যান তিনি একটি হাত ট্রলি রেখে গেছিলেন। ভুলে নাকি ইচ্ছাকৃতভাবে নিয়ে গেছিলেন জানি না।

 রাকিবের কান্নাজড়িত এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল।

শুক্রবার লাগেজ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জিয়া লাগেজ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি প্রবাসী রাকিবের লাগেজটি আজ শুক্রবার বিকেলে উদ্ধার হয়েছে। তার লাগেজটি চুরি নয়, ভুলে অন্য একজন নিয়ে যান। যে ব্যক্তি তার লাগেজটি নিয়ে গেছিলেন তিনি ভুলে তার লাগেজটি রেখে যান। আমরা ঘটনার সময় ও ঘটনার পরবর্তী সময়ের দীর্ঘ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হারানো লাগেজটি উদ্ধার করি।

তিনি আরো বলেন, বিমানবন্দর থেকে কারো লাগেজ বা অন্য কিছু চুরি হওয়ার সুযোগ নেই। এখানে আমাদের এপিবিনের টিমসহ অন্যান্য নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক কাজ করে। হয়তো ভুলে একজনের লাগেজ অন্যজন নিয়ে যান। ভুলে এসব লাগেজ নিয়ে গেলেও এপিবিএন সিসিটিভি ফুটেজ দেখে সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!