খাদ্যে ভেজাল রোধে অভিযানে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) খাদ্যে ভেজাল রোধে রাজধানীর বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছে। সোমবার (৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মানায় এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।
ডিএনসিসির অঞ্চল-১ এর নির্বাহী পরিচালক মো. জুলকার নায়নের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দোকানে মূল্য তালিকা না থাকায় ২টি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করে। অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৩টি হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অঞ্চল-৪ এ নির্বাহী পরিচালক আবেদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪৮টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করে নির্মাণাধীন ৩টি বাড়ির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০০ মিটার ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। একই এলাকায় ভ্রাম্যমাণ আদালত ২টি হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
অঞ্চল-৫ এর নির্বাহী পরিচালক মোতাকাব্বীর আহমেদের নেতৃত্বে কাওরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নির্বাহী পরিচালক সাজিয়া আফরীনের নেতৃত্বে অঞ্চল-৬ এর জহুরা মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেন, রাস্তা ও ফুটপাত থেকে ভ্রাম্যমাণ দোকান অপসারণ করা হয়।