ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নিউ মার্কেটে পেট্রলবোমা বিস্ফোরণ, দোকানে আগুন

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ১৯ এপ্রিল ২০২২
নিউ মার্কেটে পেট্রলবোমা বিস্ফোরণ, দোকানে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ চলছে। এ সময় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উভয় দিক থেকেই পেট্রলবোমা ছুড়েছেন। ফলে বেশ কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি পেট্রলবোমা চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে দোকানে আগুন লেগে যায়। দোকান কর্মীরা পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

অন্যদিকে চন্দ্রিমা সুপার মার্কেটের ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাস্তায় নেমেছেন শিক্ষকরা। দুপুর ১২টার দিকে রাস্তায় নেমে ব্যবসায়ীদের হামলার মুখে পড়েন শিক্ষকরা। তারা শিক্ষকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন বলে অভিযোগ শিক্ষকদের।

নিউমার্কেট ছাড়াও আশপাশের অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা রাফিন প্লাজা, বলাকা সিনেমা হল ও গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। ছাদে থাকা ঢাকা কলেজের ছাত্ররা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছুড়ছেন। রাস্তায় থাকা ব্যবসায়ীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে চন্দ্রিমা মার্কেটের সামনে থাকা ঢাকা কলেজের ছাত্ররা কিছুক্ষণ পরপরই সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ীদের ধাওয়া দিচ্ছেন। ব্যবসায়ীরাও পাল্টাধাওয়া দিচ্ছেন।

এর আগে সকাল ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ী ও দোকানের কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজও পাওয়া যায়।

সংঘর্ষের একপর্যায়ে বেলা ১১টার পর থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ‘কথাকাটাকাটির জেরে’ নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!