একইসঙ্গে সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়। নতুন কোনো অপ্রীতিকর ঘটনা যেনো না হয় সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তাই নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিউমার্কেট এলাকায় গত সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। শুরুর দিকে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হিসেবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে খাবারের বিল না দেয়ার অভিযোগ তোলা হলেও পরে জানা যায় ভিন্ন তথ্য।
.png)
দুটি ফাস্টফুড দোকানের কর্মচারীদের থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে জানা যায়। একটি দোকানের হয়ে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হন। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে দুই দিন ধরে উত্তাল থাকে রাজধানীর নিউমার্কেট এলাকা। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থীসহ অনেকে আহত হন। নিহত হন নাহিদ হাসান নামে এক পথচারী।
দফায় দফায় সংঘর্ষের পর গতকাল রাত সাড়ে ১০টার পর ছাত্র, দোকানমালিক ও কর্মীরা সড়ক থেকে সরে যান। পরে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল শুরু হয়। আজ সকাল থেকে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল ১০টায় মিরপুর রোডের এ অংশে কোনো যানজট দেখা যায়নি।
বুধবার সরেজমিনে ঢাকা কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের কেউ হল ছাড়েননি। তবে গত দুই দিনের আন্দোলনে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সেবা করছেন রুমমেট ও হলের ছাত্ররা।
ওবাইদুর সাইদ নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের অনেক বন্ধু অসুস্থ। আমরা হল ছেড়ে যাব না। এর সমাধান প্রয়োজন।
সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও আজও বন্ধ রয়েছে নিউমার্কেটসহ আশপাশের সব দোকান।
মার্কেট আজ খুলবে কি না, জানতে চাইলে চন্দ্রিমা মার্কেটের একজন নিরাপত্তাকর্মী বলেন, তিনি এখনো নিশ্চিত নন।
নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ সকাল সাড়ে নয়টার দিকে বলেন, এলাকার পরিস্থিতি আজ শান্ত রয়েছে। বিবদমান কোনো পক্ষকে আজ সড়কে দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে মার্কেটগুলো এখনো বন্ধ আছে।