নিউমার্কেটে সংঘর্ষ : মামলা করেছেন নাহিদের বাবা
নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় নিহত কুরিয়ারকর্মী নাহিদের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নিউমার্কেট থানায় মামলাটি করা হয়। নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মুহাম্মদ তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলাটি দায়ের হয়েছে। তবে, সংখ্যা উল্লেখ করা হয়নি। আমরা মামলাটি তদন্ত করে দেখছি।
মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্যে পড়েন নাহিদ। বেধড়ক মারধরে জ্ঞান হারিয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়েছিলেন তিনি।
সে সময় শুভ নামের এক ব্যক্তি আহত অবস্থায় নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে ঐদিন বিকেলে নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়।
পরে ঢামেকের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সার্ভিসের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
আট মাস আগে বিয়ে করেছিলেন নাহিদ। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। নাহিদের বাবার নাম নাদিম হাসান। তিন ভাই ও এক বোনের মধ্যে নাহিদ সবার বড়।