ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের প্রথম ইয়াবা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দেশে প্রথম ইয়াবা জব্দের ঘটনায় করা মামলার সাজাপ্রাপ্ত আসামি এমরান হককে গ্রেফতার করেছে র্যাব। প্রায় ২০ বছর আগে মাদকের ঐ মামলা করা হয়েছিল।
শুক্রবার র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাতে র্যাব-১ এর একটি দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে এমরান হককে গ্রেফতার করে।
র্যাবের অধিনায়ক আরো বলেন, ২০০২ সালের ১৯ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গুলশানের নিকেতন এলাকা থেকে হেরোইন, ইয়াবা ও নিষিদ্ধঘোষিত অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এমরান হককে গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর ২০০৪ সাল থেকে তিনি পলাতক।
তিনি বলেন, ২০০৪ সালের পর থেকে এমরান ও তার সহযোগীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ থেকে লাগেজের মাধ্যমে ইয়াবা আনা শুরু করেন। তারা রাজধানীর গুলশান, বনানী, বনশ্রীসহ বিভিন্ন অভিজাত এলাকায় মাদক বিক্রি করতেন।
এরপর গত ৩১ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঐ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামি শফিকুল ইসলামকে যাবজ্জীবন, এমরান ও সোমনাথ সাহাসহ চারজনকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এমরান হক ও সোমনাথ সাহা ২০০৪ সাল থেকে পলাতক হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।