ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ক্রিকেটার রুবেলের কবর সংরক্ষণের ব্যবস্থা দ্রুতই হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৫:৫৩, ২৯ এপ্রিল ২০২২
ক্রিকেটার রুবেলের কবর সংরক্ষণের ব্যবস্থা দ্রুতই হবে: মেয়র আতিক
রাজধানীর বারিধারায় সদ্য প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুতই সব ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার রাজধানীর বারিধারায় মোশাররফ হোসেন রুবেলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে ক্রিকেটার রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ উপস্থিত তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে সহমর্মিতা জানান মেয়র আতিক।

Advertisement

এ সময় রুবেলের ছেলে রুশদানের সঙ্গে গল্প করে কিছু সময় কাটান ও তাকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন মেয়র আতিক।

সাক্ষাৎ শেষে মেয়র উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে মেয়র আতিক বলেন, রুবেলের ছেলে রুশদান রুবেলের শূন্যস্থান পূরণ করে এ জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। আমি এ পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকবো এবং সিটি কর্পোরেশন এ পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবে।

মেয়র বলেন, রুবেল জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি খেলাধুলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। সর্বোপরি রুবেল একজন নম্র-ভদ্র ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি।

তিনি আরো বলেন, আমি ওমরা পালনের জন্য পবিত্র নগরী মক্কায় অবস্থানকালীন রুবেলের মৃত্যু সংবাদ পেয়েছি। তার পরিবারের চাওয়ায় বনানী কবরস্থানে রুবেলের মরদেহ দাফনের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছি। রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তার স্ত্রীর যে আকুতি, আমি মক্কায় থাকাকালীন সেটি জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি। আমি রুবেলের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে জানাতে এসেছি যে, ক্রিকেটার রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুতই সব ব্যবস্থা নেয়া হবে।

ঈদের পরেই বোর্ড সভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে জানান মেয়র মো. আতিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এইচএন
ট্যাগ: মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!